২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের মতো সব মাধ্যমিক স্কুলকেও জাতীয়করণের দাবি

প্রাথমিকের মতো দেশের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি সব স্কুলকেও জাতীয়করণের দাবি এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2017, 11:48 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোকে জাতীয়করণ করে তাদের যাবতীয় আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া এবং শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বাজেট বরাদ্দের দাবি জানান লিয়াজোঁ কমিটির নেতারা।

সব মাধ্যমিক স্কুলের জাতীয়করণসহ কয়েকটি দাবিতে সংবাদ সম্মেলন থেকে আগামী এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচিও ঘোষণা সংগঠনটি।

কর্মসূচির মধ্যে সারাদেশে উপজেলা ও জেলা সদরে সমাবেশ, স্মারকলিপি প্রদান ও ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ রয়েছে।

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির আহ্বায়ক দীন মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের লিখিত বক্তব্য উত্থাপন করেন সংগঠনের সদস্য সচিব প্রদীপ কুমার সাহা।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রাথমিক স্তরে প্রায় শতভাগ বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। মাধ্যমিক স্তরের কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়ায় রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে মাধ্যমিক স্তরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হবে তিন শতাংশের মতো।

সরকারের বার্ষিক ব্যয়ের দিক থেকেও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার বলে পরিসংখ্যান তুলে ধরা হয় লিখিত বক্তব্যে।

এতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় যেখানে ৬ হাজার ৭৯৮ টাকা, সেখানে বেসরকারি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ১ হাজার ৯৪৮ টাকা। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা জীবনেই একজন শিক্ষার্থী বিরাট বৈষম্যের শিকার হচ্ছে।

শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করে শিক্ষামন্ত্রীকে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানান সংগঠনের নেতারা।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রাথমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে জাতীয়করণ করা হয়েছে, তেমনি মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া উচিৎ।

নেতারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানোন্নয়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে তিন লাখ ২৯ হাজার ৩৮৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মী বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত। সরকারি সুযোগ-সুবিধা ও অর্থনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার তারা।

এ অবস্থা নিরসনে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই বলে মনে করেন ‘মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি’র নেতারা।

দাবি আদায়ে তাদের এপ্রিল পর্যন্ত ঘোষিত চার দফা কর্মসূচির মধ্যে আগামী ৯ মার্চ সব উপজেলা সদরে মিছিল-সমাবেশের পর ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রয়েছে।

একইভাবে ১৬ মার্চ জেলা সদরে মিছিল-সমাবেশের পর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের পর ১৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিভাগীয় পর্যায়ে ও ঢাকা মহানগরের বিভিন্ন স্কুলে সাংগঠনিক সফর।

এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস না পেলে ২২ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটি।

ওই সমাবেশ থেকে দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, বদর উদ্দিন হাওলাদার, আব্দুল বারী, মো. ইউনুস আলী ও মুজিবুর রহমান বক্তব্য দেন।