পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
রাজধানীর মেরুল বাড্ডায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত সাহিদা আক্তার (২৫) যমুনা ব্যাংকের রাজউক শাখায় কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল মান্নান, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মোহাম্মদপুর গ্রামে।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাহিদা ফুফাতো ভাই হান্নানের মোটর সাইকেলে করে ওয়ারীর বাসায় ফিরছিলেন।
মেরুল বাড্ডায় পেছন থেকে একটি পিকআপ তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে সাহিদা ছিটকে পড়েন, হান্নানও আহত হন।
সাহিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
