সাগর-রুনি খুনের তদন্তের অগ্রগতি আদালতকে জানাচ্ছে র্যাব: মন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি র্যাব আদালতকে জানাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার সকালে উত্তরায় এপিবিএন সদর দপ্তরে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র্যাব আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত করছে এবং তার অগ্রগতি আদালতকে সময় সময় জানাচ্ছে।”
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও তা না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
তার পরের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হত্যাকাণ্ডের আট মাস পর এক সংবাদ সম্মেলনে বলেন, এই খুনে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারপরও তদন্তে অগ্রগতি না হওয়ার পর ডিবি ব্যর্থতা স্বীকার করে নিলে হাই কোর্ট র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।
তারপর চার বছর গড়ালেও এখনও এই হত্যাকাণ্ডের কূল-কিনারা হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমান।
৪৬ বার সময় নিয়েও প্রতিবেদন জমা না দেওয়ায় বর্তমান তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিনকে তলব করেছে আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এখনও আশাবাদী, যে কোন সময় র্যাব এটা উদঘাটন করবে এবং আপনাদের (সাংবাদিক) জানাতে পারবেন।”
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “তদন্ত চলছে। মনে হয়, আমরা কাছাকাছি আসছি। কিছু দিনের মধ্যে প্রতিবেদন দিতে পারব।”
চট্টগ্রামে বাবুল আক্তারের স্ত্রী হত্যার জন্য প্রথমে জঙ্গিদের সন্দেহ করা হলেও পরে সংঘবদ্ধ অপরাধীদের দিকে তদন্তের গতিপথ বদলায়।
তবে এখন মিতুর বাবা মোশাররফ হোসেন জামাতা বাবুলকেও সন্দেহ করছেন।
নানা নাটকীয়তার পর বাবুল পুলিশের চাকরি ছেড়ে এখন বেসরকারি একটি হাসপাতালে কাজ করছেন।
