২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া পরিচয়পত্রে সিম বিক্রি, ঢাকায় গ্রেপ্তার ৬১

ভুয়া পরিচয়পত্রে মোবাইল ফোনের সিম নিবন্ধনের সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৬১ জনকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 05:03 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকরা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধন করে বিক্রি করছিল।”

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে পল্লবী থানার ইয়ানতাই চাইনিজ রেস্টুরেন্ট ভবনের সপ্তম তলার এমআর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালানো হয়।

“দেখা যায়, বাংলালিংক অপারেটরের মিরপুর অঞ্চলের (মিরপুর, শাহআলী, পল্লবী, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা) ডিস্ট্রিবিউটর ‘এমআর কমিউনিকেশন’ এর কার্যালয়ে তাদের কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির ছবি প্রিন্ট করা, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো এবং এসব ডকুমেন্ট ফাঁকা ফরমের সাথে সংযুক্ত করতে ব্যস্ত।”

সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে না পারায় র‌্যাব তাদের আটক কবলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাব জানায়, খুচরা বিক্রেতারা অনেক সময় শুধু ফিংগারপ্রিন্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ নিয়েই সিমটি বিক্রি করে। তাদের অপূরণকত ফরমগুলো বিক্রয় প্রতিনিধিরা পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ঠিক রেখে ভূয়া নাম-ঠিকানা ও ছবি ব্যবহার করে নিজেরাই জাতীয় পরিচয়পত্র বানায় এবং সে অনুযায়ী ফরমটি সম্পূর্ণ পূরণ করে অপারেটরের কাছে জমা দেয়।

র‌্যাব জানায়, অপারেটর এ ভুল ফরমটিই তাদের ডাটাবেইজে সংরক্ষণ করে বলে অনেক সময় অপরাধ তদন্ত করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী এ ভুল এবং ভূয়া তথ্যের রেকর্ডই পেয়ে থাকে। যার কারণে মূল অপরাধী বা ব্যক্তিকে সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।