২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ‘জাতির উদ্দেশ্যে ভাষণ’ এল বইমেলায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনামূলক বিভিন্ন ভাষণের সংকলন নিয়ে বইমেলায় এলো ‘জাতির উদ্দেশ্যে ভাষণ’ নামের একটি বই।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 10:57 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

স্বেচ্ছাসেবক লীগের প্রকাশনা সংস্থা বঙ্গবন্ধু বার্তা থেকে প্রকাশিত এই বইয়ে ২০০৯ থেকে গত ১২ জানুয়ারি পর্যন্ত শেখ হাসিনার ভাষণগুলো সংকলিত হয়েছে।

বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।

তিনি বলেন, “ডিজিটাল সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা ও সফলতা জনতার সামনে তুলে ধরার লক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“টেলিভিশন মিডিয়ায় সেই ভাষণগুলো যারা শুনতে পায়নি তাদের জন্যই সেই ভাষণগুলো এবার গ্রন্থাকারে প্রকাশ করেছি আমরা।”

১৭২ পৃষ্ঠার এই বইয়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

সরদার জয়েন উদ্দীনকে স্মরণ

সাংবাদিক-কথাসাহিত্যিক সরদার জয়েন উদ্দীনের জন্মশতবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে বাংলার গবেষক, লেখকরা বলেছেন, পঞ্চাশের দশকে বাংলা ভাষা ও সংস্কৃতির ‘ক্রান্তিকালে’ বাংলা সাহিত্যে দীপ্যমান হয়ে উঠেছিলেন তিনি।

বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

মোহাম্মদ জয়নুদ্দীনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, সরদার জয়েন উদ্দীনের ছেলে জ্যোতি জয়েন উদ্দীন ও মোবাশ্বিরা ফারজানা মিথিলা।

‘সরদার জয়েন উদ্দীন: জীবনদর্শন ও সাহিত্যসাধনা’ শীর্ষক প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, “সাতচল্লিশ উত্তর কালখণ্ডে পাকিস্তানি ভাবধারা প্রভাবিত গদ্যের জঞ্জাল থেকে আমাদের সাহিত্যকে সম্মিলিত সাধনায় যারা উদ্ধার করেছিলেন, সরদার জয়েন উদ্দীন তাদের অন্যতম।”

তার জীবনকর্ম নিয়ে আলোচনা পর্বে তিনি বলেন, “জীবনে স্থিত হবার সুযোগ তেমন পাননি, সব সময় তাকে তাড়িয়ে বেড়িয়েছে অভাব ও দারিদ্র্য, সর্বদা ছিল পেশাগত অনিশ্চয়তা। তবু জীবনার্থের সঙ্গে তিনি আপস করেননি কখনো, নিজেকে কখনো গুটিয়ে নেননি সৃজনভুবন থেকে।”

সাংবাদিকতা ও সাহিত্যের জগতে সরদার জয়েন উদ্দীন ‘সর্বদা প্রগতি ও মানবতার’ পক্ষে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সরকার জয়েন উদ্দীনের নাম সাহিত্যাঙ্গনে ক্রমেই ‘বিস্মৃত’ হচ্ছে বলে আফসোস করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ।

হরিশংকর জলদাস বলেন, “এদেশের গ্রাম-সমাজ, বিচিত্র পেশাজীবী মানুষ তার গল্প ও উপন্যাসে ফুটে উঠেছে গভীর পর্যবেক্ষণে, সুনিপুণ শিল্প-আঙ্গিকে ও দরদি ভাষায়।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জয়নুদ্দীন বলেন, “সরদার জয়েন উদ্দীন বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়ার মতো লেখক নন। এদেশের কথাসাহিত্যে মাটি ও মানুষের কথা সবলভাবে সঞ্চার করে তিনি স্মরণীয় হয়ে আছেন, থাকবেন শতবর্ষ পেরিয়েও।”
পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নাদিরা বেগম, আবুবকর সিদ্দিক, আজগর আলীম ও শফিউল আলম রাজা।

অষ্টম দিনে এল ১০৯টি নতুন বই

বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ১০৯টি। এদিন ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নতুন বইয়ের মধ্যে গল্প ১৬টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ৫টি, কবিতা ২৪টি, গবেষণা ২টি, শিশুসাহিত্য ৫টি, জীবনী ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, রম্য/ধাঁধা ১টি, অনুবাদ ১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনি ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ১৬টি বই রয়েছে।

নতুন বইগুলোর মধ্যে রয়েছে মোস্তফা কামালের ‘রূপবতী’, মুহম্মদ জাফর ইকবালের ‘ভূতের বাচ্চা সোনায়ামান’, গোলাম মাওলা রনির ‘তাসের ঘরে বাঁশের খুঁটি’, ও হুমায়ূন আহমেদের ‘মিসির আলীর গল্পমালা’, এম টি উল্যাহর ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ প্রভৃতি।

বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি

নবম দিন বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা ভাষায় ইতিহাস চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মো. মাহবুবর রহমান। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মেসবাহ কামাল ও ড. আশফাক হোসেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক মুনতাসীর মামুন।