এক মাসে অর্ধ লক্ষ অবৈধ চুলা বন্ধ করেছে তিতাস
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে জানুয়ারি মাসে তিতাস গ্যাস ৮০ কিলোমিটার লাইনের পাশাপাশি ৪৯ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বুধবার কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “২৬টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ৮০ দশমিক ২৪ কিলোমিটার অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৪৯ হাজার ১৬১টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
এছাড়া দুটি সিএনজি স্টেশন এবং চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে ওয়াহিদুজ্জামান জানান।
তিতাস গ্যাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবাসিক, বাণিজ্য, শিল্প, সার, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে ২০১৫-১৬ বছরে তিতাসের গ্রাহক সংখ্যা ২০ লাখ ২৩ হাজার। এর মধ্যে ২০ লাখ ৬ হাজার আবাসিকে।
বিভিন্ন সময়ে তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া এবং পাইপলাইন তৈরির অভিযোগ উঠেছে। তবে কত কিলোমিটার অবৈধ সংযোগ এবং কী পরিমাণ অবৈধ গ্রাহক রয়েছে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৪১৫টি অভিযানের মাধ্যমে প্রায় ৯৬৬ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
