২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার দায় এড়ানো যাবে না: রাষ্ট্রপতি

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিজাত পরিবারের সদস্যদের জঙ্গিবাদে জড়িয়ে দায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ‘এড়িয়ে যেতে পারে না’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 05:43 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

বুধবার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, “সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং আমাদের দেশের কিছু বিপথগামী তরুণের আচার-আচরণ সমাজের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে।

“দেশের কয়েকটা নামকরা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও অভিজাত পরিবারের সদস্যরা জঙ্গীবাদের মত উগ্র সমাজ ও ধর্ম বিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়েছে, যা দেশ ও জাতির জন্য খুবই উদ্বেগের। দেশের তরুণ সমাজের এহেন কর্মকাণ্ডের দায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান বা সমাজ কেউই এড়াতে পারে না।”

এ ব্যাপারে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, “অভিভাবকদের কাছে অনুরোধ, আপনার সন্তানের প্রতি নজর রাখুন তাকে সময় দিন ও ভালবাসুন। শিক্ষকমণ্ডলীর প্রতি অনুরোধ, পাঠ্যক্রম পরিচালনার সাথে সাথে শিক্ষার্থীদের নিয়মিত সমাজ ভাবনায় উজ্জীবিত করুন, দায়িত্বশীলতা ও সহিষ্ণুতা অর্জনের শিক্ষা দিন।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধুমাত্র মুনাফা অর্জনের হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার মান বজায় রাখার পাশাপাশি দেশে একটি দেশপ্রেমিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে সদা সচেষ্ট থাকতে হবে।”

শিক্ষাখাতে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “শিক্ষাখাতে বাংলাদেশের সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। শুধু শিক্ষাখাতে নয় অন্যান্য খাতেও বাংলাদেশের সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাই বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত বা মডেল হিসেবে বিবেচিত।

“তবে এই উন্নয়ন অগ্রযাত্রায় বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যাবশ্যক। উচ্চ শিক্ষার বিকেন্দ্রীকরণ সরকারের একটি বড় সাফল্য। দেশের সকল প্রান্তে সরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সকল শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা অনেকটা সহজলভ্য হয়েছে। আমি আশা করব, সরকারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ঢাকার বাইরে বিনিয়োগ করে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।”

সমাবর্তনে শিক্ষাজীবনে কৃতিত্বের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ।

রাজধানীর রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ১৬তম এই সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক পদার্থবিজ্ঞানী মোহাম্মদ জাহিদ হাসান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান।