জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে এমপির অভিযোগ
নিজের এলাকা শেরপুরের জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর রুমানের বিরুদ্ধে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টির অভিযোগ সংসদে করেছেন হুইপ আতিউর রহমান আতিক।
মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আতিক বলেন, “হুমায়ুন কবীর রুমান পাস করার পর প্রশাসনের ছত্রছায়ায় অদৃশ্য শক্তির ইশারায় শেরপুরে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে।”
নির্দলীয় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হন রুমান; অন্যদিকে আতিক অনেক দিন ধরে ওই জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।
ভোটের সময় আতিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন রুমান।
আতিক অভিযোগ তোলার পর তার সঙ্গে একমত পোষণ করে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম শেরপুরের পরিস্থিতি নিয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন।
আতিক বলেন, “শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নমিনেশন পেয়েছিলেন পার্টির জেলা সাধারণ সম্পাদক। কিন্তু আমাদের পার্টিরই বিদ্রোহী হুমায়ুন কবীর রুমান পাস করেছেন।”
রুমনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, “প্রশাসনের ছত্রছায়ায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়েছে। টেবিলে অস্ত্র রেখে জেলা সিভিল সার্জনকে দিয়ে অবৈধ কাগজে সই করানো হয়েছে। আমার এলাকার একজন চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। একটি কলেজের অধ্যক্ষকে ধরে তার কাজ থেকে অফিসের চাবি ছিনিয়ে নিয়ে অন্য একজনকে কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে।”
রুমানের বিরুদ্ধে জনগণ সোচ্চার হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন আতিক।
“জেলা প্রশাসকের ছত্রচ্ছায়ায় এই অদৃশ্য শক্তি শেরপুরটাতে অশান্ত করে তুলেছে।”
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন, “২০ বছর ধরে সংসদে আছি, কোনো দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়াইনি। আজকেই প্রথম দাঁড়িয়েছি। আমার শেরপুরের মানুষের দাবি, সন্ত্রাসী যেই হোক তার বিচার করতে হবে।”
ফখরুল ইমাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করে বলেন, “এ রকম অরাজকতার শিকার যদি সরকারি কোনো ব্যক্তি বিশেষ করে সংসদের হুইপ হন, তাহলে আমাদের অবস্থা কী?
“এ বিষয়ে সরকার যদি এখই ৩০০ বিধিতে বিবৃতি না দেন তাহলে আমরা ধরে নেবো সরকার এখানে ব্যর্থ।”
