মেলার ২৫ স্টলে মিলেছে পাইরেটেড বই
একুশের বইমেলার অন্তত ২৫টি স্টলে পাইরেটেড বই পাওয়ার কথা জানিয়েছে প্রকাশকদের সমিতি।
বইমেলায় নীতিমালা ভেঙে বিভিন্ন স্টলে বই বিক্রির খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশের পরদিন মঙ্গলবার মেলা প্রাঙ্গণে অভিযানে নামে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
গ্রন্থমেলা পরিচালনা কমিটির দুই সদস্য অন্যপ্রকাশের মালিক মাজহারুল ইসলাম এবং আগামী প্রকাশনীর মালিক ওসমান গণির নেতৃত্বে সমিতির এই অভিযান চলে।
সমিতির পক্ষ থেকে মেলার পরিচালক মো. গফুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮টা অবধি আমরা ২৫টি স্টলে পাইরেটেড বই পেয়েছি।”
“এক প্রকাশনীর বই আরেক প্রকাশনীতে বিক্রি হচ্ছিল। মেলায় নিষিদ্ধ হওয়া রঙিন ফুল প্রকাশনীর বইগুলোও স্টলে স্টলে সয়লাব হয়ে গেছে,” বলেন তিনি।
এদিন শিশু চত্বরের স্টলগুলোতে অভিযান চালানো হয়।
গফুর জানান, অভিযান শুরুর পর অনেকগুলো স্টল মেলার নির্ধারিত সময়ের (রাত সাড়ে ৮টা) আগেই বন্ধ হয়ে যায়।
মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তালিকা করছি, তা গ্রন্থমেলা পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে।”
বাংলা একাডেমির গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, নীতিমালা ভাঙার অভিযোগ প্রমাণিত হলে মেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ হবে প্রতিষ্ঠানগুলো। বাতিল হয়ে যাবে তাদের স্টল।
এবার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানান তিনি।
