২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা: তদন্তকর্তাকে আসামিপক্ষের জেরা

একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার চূড়ান্ত তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহ্হার আকন্দকে জেরা করেছেন পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকসহ তিন আসামির আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 08:52 PM

Updated : 19 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন এ জেরা নিয়ে অবশিষ্ট আসামিদের পক্ষে জেরার জন্য বুধবার দিন ধার্য করেন বিচারক।

এ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌশুলি আবু আবদুল্লাহ ভূইয়া জানান, মামলার আসামি সাবেক আইজিপি  মো. আশরাফুল হুদা ,শহিদুল হক ও জঙ্গি সংগঠনের সদস্য মাওলানা আব্দুর রউফের পক্ষে আইনজীবী টি এম আকবর, আব্দুর রশিদ ও মোহাম্মদ আলী জেরায় অংশ নেন।

মামলায় ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০০৪ সালের ২১ অগাস্ট ভয়াবহ ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিনশতাধিক নেতাকর্মী।

এ ঘটনায় পরদিন মতিঝিল থানায় পুলিশের উপ-পরিদর্শক ফারুক আহমেদ একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাত ঘুরে মামলাটি যায় সিআইডিতে।

২০০৮ সালের ১১ জুন পুলিশের সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

২০০৯ সালের ৩ অগাস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহ্হার আখন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

তবে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তার নাম বাদ দেয়ায় এখন আসামির সংখ্যা ৫১।

৫১ আসামির মধ্যে তারেক রহমানসহ পলাতক ১৮ জন।