২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব‌্যাংককে চিকিৎসাধীন অধ‌্যাপক আনিসুজ্জামানের অবস্থার উন্নতি

ব‌্যাংককে চিকিৎসাধীন অধ্যাপক আনিসুজ্জামানের অবস্থার উন্নতি হয়েছে, এই ধারা বজায় থাকলে আগামী সপ্তাহে দেশে ফিরবেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 06:18 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের এই এমিরেটাস অধ‌্যাপকের স্বজনদের সঙ্গে মঙ্গলবার কথা বলে তার শারীরিক অবস্থার এই খবর পাওয়া গেছে।

ঠাণ্ডাজনিত অসুস্থতার সঙ্গে মেরুদণ্ডে তীব্র ব‌্যথা অনুভবের পর গত বুধবার থাইল‌্যান্ড নেওয়া হয় ৮০ বছর বয়সী অধ‌্যাপক আনিসুজ্জামানকে। তিনি ব‌্যাংকক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে স্ত্রী ও মেয়ে রয়েছেন।

এই অধ্যাপকের মেয়েজামাই আজিমুল হক রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালেই স্ত্রীর সঙ্গে কথা বলে শ্বশুরের চিকিৎসার খবর নিয়েছেন তিনি।

“চিকিৎসা পেয়ে শনি-রোববার উনার (অধ্যাপক আনিসুজ্জামান) শরীর ভালো যাচ্ছিল, সোমবার পিঠের ব্যথা হঠাৎ বেড়ে যায়। তবে আজ সকাল থেকে ভালো অনুভব করছেন তিনি।”

অবস্থার উন্নতি হলে আগামী সপ্তাহে আনিসুজ্জামানকে ফিরিয়ে আনা হবে বলে জানান তার জামাতা।

“উদ্বিগ্ন হওয়ার মতো অসুস্থতা নয়। বেশ ঠাণ্ডা লাগায় এবং মেরুদণ্ডে ব্যাথার কারণে চেকআপ করাতে ব্যাংককে নেওয়া হয়েছে উনাকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা পেয়ে সেরে উঠার অপেক্ষায় রয়েছেন তিনি।”

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান আগামী ১৮ ফেব্রুয়ারি ৮০ বছর পূর্ণ করছেন। তার জন্মবার্ষিকী পালনের আয়োজনও চলছে।