২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ বন্ধে বাধ্য করা হবে, হকারদের হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মাথা গরম করে হকারদের উচ্ছেদ করেছেন বলে মন্তব্য করে করে হকার্স সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন বলেছেন, মাথা গরম করে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 05:52 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন ও হকার্স সমন্বয় পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “এটা আমাদের জীবন-জীবিকার ব্যাপার। তাই মাথা ঠাণ্ডা রেখে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করুন।

পুনর্বাসন না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এটি বন্ধ করতে বাধ্য করা হবে।”

হকারদের মধ্যে কোনো বিভেদ নেই নেই বলে দাবি করেন আবুল হোসাইন।

“বাংলাদেশ হকার সমন্বয় পরিষদ ও বাংলাদেশ হকার ইউনিয়ন আজ এক হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। কোনো অশুভ শক্তি আমাদের আন্দোলন দমাতে পারবে না।”

১১ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন হকার নেতাদের সঙ্গে বৈঠক করে ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেন। ১৫ জানুয়ারি থেকে গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন।

উচ্ছেদ বন্ধ করে হকারদের ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে শুরু থেকেই আন্দোলন করছে হকারদের বিভিন্ন সংগঠন।

মেয়র সাঈদ খোকন গরীব মানুষের কথা ভাবেন না বলে অভিযোগ করেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত।

তিনি বলেন, “হকাররা বেকার হয়ে পড়ায় অনেকে এখনো সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেনি। বছর শুরুর পর দুই মাস চলে যাচ্ছে। এখনও বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারছে না হকাররা। কারণ তাদের কাজ নাই। তারা ফুটপাতে বসতে পারছে না।”

হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না-মেয়র এমন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেন সেকেন্দার হায়াত।

“কিন্তু তিনি হকাদের পুনর্বাসন করেননি। তিনি বেঈমানি করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন।”

হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় ছিন্নমূল হকার সমিতির সভাপতি কামাল সিদ্দিকী, ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুন অর রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।