২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন যুক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল পাস

ড্রোন ও গ্লাইডারসহ উড্ডয়নরত যে কোনো যন্ত্রকে আওতার মধ্যে এনে ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল-২০১৭’ জাতীয় সংসদে পাস হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 08:11 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

গত বছরের ২৫ জুলাই বিলটি সংসদে উত্থাপিত হলে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

১৯৮৫ সালের ‘দি সিভিল এভিয়েশন অথরিটি অর্ডিন্যান্সকে’ বাংলায় অনুবাদসহ পরিমার্জন করে নতুন আইন করার জন্য বিলটি পাস করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, একজন চেয়ারম্যান ও ছয় সদস্য নিয়ে এই কর্তৃপক্ষ গঠিত হবে। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের সব কাজ কর্তৃপক্ষের আওতায় থাকবে।

বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষের কাজ তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন গভর্নিং বডি করা হয়েছে। বিমানমন্ত্রী এর সভাপতি। এই গভর্নিং বডি কর্তৃপক্ষের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেবে, কর্তৃপক্ষকে নির্দেশনা ও পরামর্শ দেবে।

বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও গভর্নিং বডির সদস্য থাকবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন এর সদস্য সচিব।

কর্তৃপক্ষ সরকারের অনুমোদন নিয়ে সেবা, ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া আরোপ ও আদায় করতে পারবে।