বিআরটিএ বিল সংসদে
যানজট নিরসনে মোটরযান ও গণপরিবহণের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা বিআরটিএকে দিতে বিল উঠেছে সংসদে।
‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল ২০১৭’ পাস হলে পরিবার বা প্রতিষ্ঠান প্রতি গাড়ির সর্বোচ্চ সীমা নির্ধারণের ক্ষমতা পাবে বিআরটিএ।
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অনুমোদিত এই আইনের খসড়াটি জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে বিল হিসেবে উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এটি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।
‘মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স ১৯৮৩’-এর অধীনে প্রতিষ্ঠিত বিআরটিএ এখন এই আইনের অধীনে পরিচালিত হবে।
বিলে বলা হয়েছে যে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যানজট নিরসনে মোটরযান ও গণপরিবহনের সংখ্যা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারবে।
মোটরযান চালনার লাইসেন্স প্রদান, মোটরযানের নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট, গতিসীমা নির্ধারণ, গণপরিবহনের ভাড়া নির্ধারণে সরকারের কাছে সুপারিশ করাসহ বেশ কিছু ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের হাতে।
বিআরটিএকে কোম্পানি গঠনের ক্ষমতা দিতে বিলে বলা হয়েছে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বামোদনক্রমে, কোম্পানি আইন ১৯৯৪-এর অধীন এক বা একাধিক কোম্পানি গঠন করতে পারবে।
আইনটি হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতি করে বিআরটিএর একটি উপদেষ্টা পরিষদ এবং বিআরটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে একটি পরিচালনা পর্ষদ গঠিত হবে।
উপদেষ্টা পরিষদের সদস্য হবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, বাণিজ্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, রেল সচিব ও নৌ-পরিবহন সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা।
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনাকে এই আইন প্রণয়নের প্রধান কারণ হিসেবে দেখিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
