রাষ্ট্রপতির সঙ্গে সিঙ্গাপুরের দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার চ্যান হেং উইং।
সোমবার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বিদায়ী দূতকে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।”
“রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি সিঙ্গাপুরের বিনিয়োগাকারীদের বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।”
সাক্ষাতের সময় বিদায়ী দূত বলেন, ইতিমধ্যে তার দেশের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করছে এবং এলএনজিসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগে আগ্রহী।
বিদায়ী দূত তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
পরে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার জন্য রুহুল আলমকে অভিনন্দন জানান।
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পরামর্শ দেন। তিনি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্য সফর বিনিময়ের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।”
রাষ্ট্রপতি পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক সহায়তা প্রদানের পরামর্শ দেন।
নতুন দূত এসময় রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
