গুঁড়িয়ে দেওয়া হলো নন্দীপাড়ার জেলা পরিষদ মার্কেট
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকায় ত্রিমোহিনী খালের ওপর গড়ে তোলা একটি পাকা মার্কেট ভবন গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ত্রিমোহনী খালের ওপর এ মার্কেট নির্মাণ করা হয়েছিল এরশাদ সরকারের সময়ে। সেখানে ৫৬টি দোকান ছিল।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে নন্দীপাড়া জেলা পরিষদ মার্কেট ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ছাড়াও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামসহ তিনটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ এবং আবদুল মালেক।
উচ্ছেদ অভিযানে সহায়তা করতে র্যাব, পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেন।
সোমবার বেলা ১২টায় শুরু হওয়া এ অভিযানের শুরুতে নন্দীপাড়া ব্রিজ থেকে ত্রিমোহনী সড়কের পাশ দিয়ে যাওয়া খালের ওপরের প্রায় ২০০টি অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে শুরু হয় জেলা পরিষদ মার্কেট ভাঙার কাজ।
মার্কেটটি আটটি অংশে বিভক্ত। প্রতিটি অংশে সাতটি করে দোকান। শুরুতে পশ্চিম অংশে সিটি করপোরেশনের তিনটি টায়ার লোডার একসঙ্গে মার্কেট ভবনে ধাক্কা দিলে ভবনটি ভেঙে খালে পড়ে যায়। একে একে বাকী অংশ ভেঙে খালে ফেলে দেওয়া হয়। অভিযান শেষ হয় বেলা সাড়ে ৩টার দিকে।
এর আগে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে মালিকদের ১০ মিনিট সময় দেন দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব।
তিনি বলেন, “দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য তিনদিন আগেই মাইকিং করা হয়েছে। তাদেরকে নোটিসও দেওয়া হয়েছিল।”
এর ফাঁকে তাড়াহুড়ো করে মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন দোকান মালিকরা। অনেকের দোকানের ভেতরেই মালামাল রয়ে যায়। অনেকে মালামাল সরাতে না পেরে কান্না শুরু করেন।
৩৫ নম্বর দোকানের ব্যবসায়ী জাকির হোসেন দাবি করেন, নোটিসের ব্যাপারে তারা জানতেন না।
“কোনো মাল সরাইতে পারি নাই। আমাগোরে কেউ কিছু জানায় নাই। আমরা তো সরকারি মার্কেটে ব্যবসা করি। এইখানে উচ্ছেদ করলো কেন?”
মার্কেট ভাঙার খবর পেয়ে বাসা থেকে দৌঁড়ে আসেন নাহিদা ইয়াসমিন এক হোমিওপ্যাথি চিকিৎসক। দোকানে থাকা সব মালামাল খালে পড়ে গেছে দেখে কাঁদতে থাকেন তিনি। ইয়াসমিনও অভিযোগ করেন, তাদেরকে আগে থেকে কেউ কিছু জানায়নি।
“আইসা দেখি আমার দোকান ভাঙে। সতের বছর ধরে এইখানেই আমার দোকান। তিলতিল করে গড়ে তুলছি। আমার সংসার চলেই এই দোকান থেকে। কিছুই বাঁচাইতে পারলাম না। সবার জীবন জীবিকা নিয়ে এইরকম খেলা করা, মেয়র কাজটা ঠিক করেন নাই।”
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, খালের এ জমি খাস জমির মালিক ঢাকা জেলা প্রশাসন, জেলা পরিষদ নয়। তিনি বলেন, এ মার্কেট অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল।
“এ জমি কারও কাছে বন্দোবস্ত দেওয়া হয়নি। আর খালের জমি তো বন্দোবস্ত দেওয়ার অযোগ্য। সেখানে মার্কেট করা যায় না। তারা এখানে মার্কেট বানিয়ে বরাদ্দ দিতে পারেন না।”
মেয়র সাঈদ খোকন জানান, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি খাল উদ্ধারে কাজ শুরু করেছেন তারা। তিনি বলেন, ত্রিমোহনী খাল পুরো উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।।
“যতক্ষণ পর্যন্ত না এই খাল পুরোনো রূপে ফিরে আসছে, আমাদের এই কার্যক্রম চলবে। এটা উদ্ধার করার পরে বাকী খালগুলো দখলমুক্ত করতে আমরা অভিযান চালাব।”
দোকান মালিকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, মার্কেট যারই হোক তা দেখার বিষয় নয়।
“কোন পরিষদ, কার পরিষদ, কোন মন্ত্রণালয় কিংবা কোন দলের কে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের একমাত্র বিবেচ্য বিষয় হচ্ছে সেটা বৈধ না অবৈধ। সেটা খালের প্রবাহকে বাধাগ্রস্ত করছে কি করছে না।”
যারা এই মার্কেটে দোকান বরাদ্দ নিয়েছে, তা নেওয়ার আগে খোঁজ নেওয়া প্রয়োজন ছিল, বলেন মেয়র।
