যুদ্ধাপরাধ: বাগেরহাটের ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৮ মার্চ
বাগেরহাটের কচুয়া ও মোড়লগঞ্জের ১৪ আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৮ মার্চ দিন রেখেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২২ জানুয়ারি এই ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে।
তাদের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এরা হলেন- খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মো. মকবুল মোল্লা (৭৯), মো. আব্দুল আলী মোল্লা (৬৫)। তাদের সবাইকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউটর মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (সোমবার) মৌলভিবাজারের একটি মামলায় ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিষয়ে একটি আদেশ দিয়েছিলেন। আজকে এ মামলাটির পলাতক আসামিদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
“ট্রাইব্যুনাল থেকে পলাতক আসামিদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু পরে আমরা এ বিষয়ে কিছু জানতে পারি না। আসামিদের ধরতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন আসলে কী পদক্ষেপ নেয় সে বিষয়ে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত সংস্থার স্পষ্টভাবে জানা দরকার।”
গ্রেপ্তার আসামি খান আকরাম হোসেন মোহম্মদ উকিল উদ্দিনের পক্ষে গাজী তামিম ওকালতনামা দাখিল করেছেন বলে জানান প্রসিকিউটর মুন্নী।
এ মামলায় পলাতক নয় আসামি হলেন- খান আশরাফ আলী (৬৫), সুলতান আলী খাঁন (৬৮), মকছেদ আলী দিদার (৮৩), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪), রুস্তম আলী মোল্লা (৭০), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাশেম আলী শেখ (৭৯), মো. আজাহার আলী শিকদার (৬৪)।
১৯৭১ সালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের সাত ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান গত ২২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, এ মামলার আসামিরা মুসলিম লীগ ও পরে জামায়াতে ইসলামীর সমর্থক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকার বাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন যুদ্ধাপরাধের লিপ্ত হন।
