২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ষের মধ্যেই ভূত

চটকদার নানা বিজ্ঞাপনের টানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীর পদচারণা ফার্মগেইটের কোচিং সেন্টারগুলোতে; বিশ্ববিদ‌্যালয় ভর্তি, স্কুল-কলেজের শিক্ষা, চাকরি পেতে সহায়তা- সবই মেলে সেখানে।

রিফাত রহমান

সাজিয়া আফরিন ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 09:44 AM

Updated : 11 Oct 2022, 01:26 PM

ওই এলাকা ছেয়ে থাকা শিক্ষাদানের এসব প্রতিষ্ঠানের ব‌্যানার, সাইনবোর্ড ও ফেস্টুনের দিকে তাকালে বানান ভুলের বিষয়টি কটূভাবে চোখে পড়ে।  

নামকরা বিভিন্ন কোচিং সেন্টারের পরিচয় ভুলভাবে লেখা হলেও তা ভুলেই থাকতে চান এর কর্ণধাররা।

শনিবার ফার্মগেইট থেকে পান্থপথ মোড়ে যেতে প্রায় আধা কিলোমিটার রাস্তার উভয় পাশ ও ভবনগুলোর দেওয়ালে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টার, স্টেশনারি ও বইয়ের দোকানের ব্যানার, সাইনবোর্ড ও ফেস্টুন চোখে পড়ে।

সেখানকার কোচিং সেন্টার ‘কর্ণেল একাডেমী’র সাইনবোর্ডে ‘ফার্স্ট’ শব্দটিকে লেখা হয়েছে ‘ফাষ্ট’।

ভুল বানানের বিষয়ে ‘কর্ণেল একাডেমী’র নির্বাহী পরিচালক সৈয়দ নূর আহমেদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “ভুল থাকলেই সমস্যা কী?

“সবাই ভুল করে। সাংবাদিকদের ভুল বের করার দায়িত্ব দিয়েছে কে? আমাদের কি ঠিক করা উচিত না উচিত তা আপনাদের বলব না।”

সরেজমিনে ঘুরে বেশি ভুল দেখা যায় ‘এ-অ্যা’, ‘উ-কার’, ‘ঊ-কার’, ‘ই-কার’, ‘ঈ-কার’ আর ‘স-শ-ষ’ এর ব্যবহারে।

‘অ্যালবার্ট স্যার’ নামের একজনের আইইএলটিএস, স্পোকেন ইংলিশ প্রোগ্রামের ব্যানারে ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ লেখা দেখা যায় ভিন্ন রকমের।

যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা লিখে তারা খেয়াল রাখে না।”

বানান ভুলের বিষয়টি একজন শিক্ষক হিসেবে তার দৃষ্টিগোচর হয়েছে কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

কোচিং সেন্টারের ভিড়ে একই জায়গায় একটি ভবনে ছোট পরিসরে খোলা হয়েছে ‘আইডিয়াল ল’ কলেজ’। তাদের সাইনবোর্ডে ‘অধিভুক্ত’ শব্দ লেখা হয়েছে ‘অধিভূক্ত’।

কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারির সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান তিনি। যত দ্রুত সম্ভব এই ভুল শোধরানোর কথা বলেন অধ‌্যক্ষ।

পাশেই আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘শিক্ষার আলোয়ে উদ্ভাসিত ক্যাম্পাস’, বিদেশে পড়তে যেতে আগ্রহীদের পরামর্শদাতা প্রতিষ্ঠান এডু গার্ডিয়ানের সাইনবোর্ডে লেখা, ‘The study abroad is the secret of getting ahead’, স্বর্ণলতা ছাত্রী হোস্টেলের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘স্বর্নলতা ছাত্রী হোষ্টেল’।

‘ইউনিকম অ্যাডমিশন কেয়ার’র এক শিক্ষার্থীর মা শিরিন আক্তারকে কোচিং সেন্টারটির সাইনবোর্ডে ‘নির্ভুলভাবে’ শব্দকে ‘নির্ভূলভাবে’ লেখা দেখানো হলে তিনি আক্ষেপ করে বলেন, “যেখানেই মেয়েকে পাঠাই না কেন পড়তে, ভরসা করেই পাঠাই। তারা যে বানান লিখবে শিক্ষার্থীরা তো সেটাই সঠিক ধরে নিবে।”

কোচিং সেন্টারগুলোর বানান ভুল করা অপরাধ বলে মনে করেন বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের নাগরিক হয়েও বাংলা বানান শুদ্ধভাবে না লিখলে লজ্জা পাওয়া উচিত। ভাষার প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে। অভিভাবকরা এত নির্ভর করে সন্তানদের কোচিং সেন্টারে পাঠায়, তাদের নিজেদেরই বানান ভুল করা অপরাধ।”

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, “ব্যাপারটা এমন যেন শর্ষের মধ্যেই ভূত। কোচিং সেন্টারের নাম, সাইনবোর্ড, প্রসপেক্টাস এসব জায়গায় ভয়ঙ্কর সব ভুল দেখতে পাই। ইংরেজিতে ভুল করলে আমরা লজ্জিত হই, বাংলার ভুলে দুশ্চিন্তা করি না।

“কোচিং সেন্টারগুলো কেবল ব্যবসাই করে, তারা ভালোবাসে অর্থ। মাতৃভাষার শুদ্ধতার কোনো মূল্য তাদের কাছে নেই।”