২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৫ মার্চ

যুদ্ধাপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার আবদুল আজিজ ওরফে হাবুল (৬৪), সহোদর মো. আবদুল মতিন  (৬৩) ও মো. আবদুল মান্নান ওরফে মনাইয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার ওপর উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 05:08 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

একইসঙ্গে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আগামী ৫ মার্চ আদেশের দিন রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর রোবাবার উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ আদেশের এ দিন ঠিক করে দেয়।

ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি। আসামি আবদুল মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সারোয়ার হোসেন ও আবদুল আজিজের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের ১ মার্চ ট্রাইবুনাল এ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আবদুল আজিজ ও মো. আবদুল মান্নান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আব্দুল মতিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।”

এ আইনজীবী বলেন, “আজ আদালতে দুই আসামিকে হাজির করা হলে আদালত আরেক আসামির সম্পর্কে জানতে চান। তখন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা যে, আসামি আবদুল মতিন পলাতক।

আদালত বলেন, আসামি যে পলাতক প্রসিকিউশন সেটা কিভাবে নিশ্চিত হলো?

তখন প্রসিকিটর মোখলেছুর রহমান বাদল বলেন, তিনি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছেন।

মুন্নি বলেন, “এরপর ট্রাইব্যুনাল আগামি ৫ মার্চের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপারকে আসামি মতিনকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।”

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

২০১৪ সালের ১৬ অক্টোবর এ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেন তদন্ত সংস্থার সহকারী পরিচালক মো. শাহজাহান কবির। গত ১৪ নভেম্বর তদন্ত শেষ করেন তিনি। গত বছরের ১৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। ওই দিনই তা প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত কর্মকর্তা।

এরপর সেটি যাচাই-বাছাই করে ৫টি অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।