ঢাকায় ভরদুপুরে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় সড়কে ভর দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী ও তার মেয়ে।
রোববার বেলা ১২টার দিকে ৩ নম্বর সেক্টরে জসীমউদ্দীন সড়কে যমুনা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওই নারী ও তার মেয়ে পুলিশকে বলেছেন, তাদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
যমুনা ব্যাংকের ওই শাখা থেকে ৫ লাখ টাকা তুলে বের হওয়ার পরপরই শাহানা করিম (৫০) এবং তার মেয়ে নাতিকা রেজওয়ানা করিম (২৮) ছিনতাইকারীর কবলে পড়েন।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক থেকে বের হওয়ার পর দুটো মোটর সাইকেলে আসা চারজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে লাগে। ওই সময় তারা মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা টাকা নিয়ে চলে যায়।
ঘটনাস্থলের সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র দেখে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ নেমেছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন।
