২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ

আততায়ীর গুলিতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ২২ মার্চ উপ-নির্বাচন হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 03:21 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষের তিন দিন আগে রোববার এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নতুন কমিশন দায়িত্বে নেওয়ার পর ভোট গ্রহণের বাকি কাজ সম্পন্ন করবে।

নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজিব আহসান জানান, রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তাকে এই নির্বাচনের রিটার্নিং অফিসার করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে ১ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।

এই আসনে ভোটার রয়েছে তিন লাখ দুই হাজার ৮৫৩ জন।

আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। রোববারই সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা রয়েছে কাজী রকিব উদ্দীন আহমেদের নেতৃত্বাধীর কমিশনের।

গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়।