২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদের প্রতিবাদে মিছিল, সমাবেশ চালিয়ে যাচ্ছেন হকাররা

পুনর্বাসন ছাড়া গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 03:12 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

বেলা সাড়ে ১১টায় পল্টন থেকে মিছিল শুরু করেন হকাররা। মিছিলটি প্রেস ক্লাব, বঙ্গবাজার হয়ে নগর ভবন ঘুরে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে হকারদের ফুটপাতে হকার বসতে দেওয়ার দাবি জানান।

হকার নেতা শহীদ খান অভিযোগ করেন, ভোটের আগের মেয়র হকারদের কাছে ভোটের জন্য গেলেও এখন তাদের পেটেই লাথি মারছেন। হকারদের খেপিয়ে তোলার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

“উনি ভোটের আগে ভোট পাওয়ার জন্য হকারদের পায়ে ধরেছিলেন। কিন্তু এখন ভোট শেষ, তিনি এখন হকারদের পায়ে ঠেলছেন। আমাদের বসতে না দিলে আন্দোলন আরও বাড়বে। তখন আপনি সিটি করপোরেশনে থাকতে পারবেন না।”

শুধু পেটের দায়ে হকাররা ফুটপাতে বসে, এজন্য হকারদের উচ্ছেদ বন্ধ করতে মেয়রের কাছে অনুরোধ করেন তিনি।

হকার্স ইউনিয়ন নেতা শফিকুর রহমান বাবুল বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আগামীকাল সকাল ১১টায় পল্টনে আবারও বিক্ষোভ মিছিল করা হবে বলে জানান তিনি।

“যতক্ষণ পর্যন্ত আমাদের ফুটপাতে বসতে না দিবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”

গত ১১ জানুয়ারি নগর ভবনে সংবাদ সম্মেলনে ১৫ জানুয়ারি রোববার থেকে কর্মদিবসগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কোনো হকার বসতে না দেওয়ার ঘোষণা দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ১৫ জানুয়ারি থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান।

অভিযান শুরুর পর উচ্ছেদের প্রতিবাদে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে হকারদের বিভিন্ন সংগঠন।