সাংবাদিক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মেয়র মিরুর গ্রেপ্তার দাবি
দ্রুত বিচার আইনে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দৈনিক সমকালের সংবাদকর্মীরা।
রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে শনিবার শিমুল হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এক সভা থেকে এ দাবি জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওই সভা থেকে তিন দিনের শোক ও রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
একই সময়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নও প্রতিবাদ সমাবেশ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।
আব্দুল হাকিম শিমুল
এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, “শিমুল সমকাল পরিবারের সদস্য। আমরা আজ ভ্রাতৃহারা। এ হত্যার বিচার হতেই হবে।
“শিমুলের পরিবারের পাশে সমকাল আছে, থাকবে।”
গুলিবর্ষণকারী মেয়রকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
