সি আর দত্তকে স্যালুট: মুহিত
বীর উত্তম চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারকে ‘স্যালুট’ জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার রাজধানীর ঢাকাশ্বেরী মন্দির প্রাঙ্গনে খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুহিত বলেন, “আজকের অনুষ্ঠানটি অত্যন্ত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সবাইকে সম্মান্নিত করেছে। কারণ আমরা একজন গুণী ব্যক্তিকে তার পাওনাটা দেবার একটু চেষ্টা করেছি।”
পাকিস্তান আমল থেকে সি আর দত্তকে চেনার কথা জানিয়ে তিনি বলেন, “দেশ বিভাগের পর অনেকের সুযোগ ছিল এই দেশ থেকে চলে যাওয়ার, কিন্তু তিনি এই দেশেই থেকেছেন। পড়াশুনা কলকাতায় করেছেন, এই দেশে থেকেছেন, তারপরে এই দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন।
“ওই সময় কিন্তু সংখ্যালঘুদের লোক সেনাবাহিনীতে খুব কমই ছিল। কিছু কিছু ছিলেন, তারপরে চলে যান। পরে অনেকেই চলে যেতে বাধ্য হন। এই অবস্থায় জেনারেল দত্ত মাথা উঁচু করেই দেশে ছিলেন। যতদিন তিনি আছেন, তিনি মাথা উঁচু করেই আছেন।”
মুহিত বলেন, “আমাদের দেশে অনেকেই মনে করে তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক এবং একটু নিচু স্তরে মনে করে। কিন্তু জেনারেল দত্ত ব্যতিক্রমী ব্যক্তি, আমি তাকে স্যালুট জানাই। আমি তাকে পাবলিকলি স্যালুট জানাই।
“তিনি শক্ত-সমর্থ লোক, এ রকম লোক আমাদের আদর্শ। তারা সকলকে বা বৃহৎ পরিসরকে উৎসাহিত করে। এদের উপস্থিতি সমাজের জন্য অত্যন্ত মঙ্গলকর।”
১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্ম নেওয়া সি আর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৪ নম্বরের সেক্টরের নেতৃত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সি আর দত্ত বলেন, “প্রিয় ভক্তবৃন্দ, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে যেভাবে সম্মানিত করা হল, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
“জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সবাই ঐক্যবদ্ধ থাকবেন- এই অনুরোধ আমি সবার কাছে করব।”
মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
