২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে প্রাণ পেল একুশে গ্রন্থমেলা

ছুটির দিনে বই দেখতে, কিনতে আর পাঠক-সাহিত্যিকদের সংযোগ পেতে নানা বয়সী পাঠকের আনাগোণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 09:57 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

দুপুর গড়িয়ে বিকাল ঘনাতেই শয়ে শয়ে বইপ্রেমী মানুষের পদভাবে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে তারা ছুটে যান নতুন বইয়ের সন্ধানে। তবে ছুটির দিনে শুধু মেলায় ঘুরতে আসেননি সবাই। অনেকেরই হাতে দেখা গেছে ব্যাগভর্তি বই।

অন্যান্যবার মেলা যেখানে লেখকদের খুঁজে পায় দু এক সপ্তাহ পরে সেখানে লেখকরা এবার শুরুতেই মেলায় এসেছেন। শুক্রবারই দেখা মিলল হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন, আনিসুল হকের মত প্রিয় লেখকদের।

মেলায় আসা পাঠক সঞ্চিতা সরকার জানান, তিনি এসেছেন রবীন্দ্র-সাহিত্য খুঁজতে। মেলার প্রথম দিকেই পছন্দের বইগুলো সংগ্রহ করে ফেলছেন তিনি।

“প্রথমদিকেই বইগুলো কিনে ফেলতে চাই। পরে ভিড়ের চাপে মেলায় ঢোকাই দায়। তবে আজকে এত পাঠক আর দর্শক এসেছে, তা কল্পনাতীত। তিন বছর ধরে মেলায় আসছি, প্রথমদিকে এত ভিড় দেখিনি।”

তরুণ পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুই লেখক ভাই হুমায়ূন আহমেদ ও জাফর ইকবাল। হুমায়ূন আহমেদের রচনাসমগ্র আর জাফর ইকবালের কিশোর উপন্যাস ও সায়েন্স ফিকশনগুলোও বিকিয়েছে দেদারসে।

পাঠক অপর্না সেন বলেন, “এই দুই লেখকের সবগুলো বই আমার কালেকশনে থাকা চাই। তাদের বইগুলোতে যেন ফেলে আসা কৈশোরকে খুঁজে পাই আমি।”

‘হুমায়ূন আহমেদই বাঙালিকে পাঠমনস্ক করে তুলেছেন’-এমনই দাবি অভিভাবক দীপিতা পোদ্দারের। তিনি তার ছেলেমেয়ের জন্য কিনে নিয়ে গেছেন ‘মিসির আলী সমগ্র’, ‘হিমু সমগ্র’।

তরুণদের কেউ আবার ঝুঁকেছেন প্রবন্ধ, গবেষণাকর্মের দিকে। সারোয়ার আলম ও ইশরাত জাহান প্রীতি খুঁজেছেন সমসাময়িক লেখকদের রাজনীতি, সমাজকর্ম বিষয়ক প্রবন্ধ।

প্রীতি বলেন, “গল্প-কবিতা পড়া তো হয়, পাশাপাশি এসব প্রবন্ধ আমাদের পড়ালেখায় ভীষণভাবে সাহায্য করে। প্রচুর রেফারেন্স পেয়ে যাই। দরকারি বইগুলো কিনে নিচ্ছি, এগুলো সচরাচর পাওয়া যায় না।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র সাকলাইন খুরশিদ খুঁজেছেন ধর্মচিন্তা ও যুক্তির বই। ধর্মীয় বিধিনিষেধের জালে প্রকাশনা শিল্পে মুক্তচিন্তার বই আসছে না –এমন মন্তব্য তার।

“অসাম্প্রদায়িক চেতনার বইমেলা! অথচ মেলার শুরুতেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে তুষ্ট করতে বাংলা একাডেমির বিধিনিষেধ! সত্যি আশাহত হলাম।”

ধর্মীয় চিন্তা-চেতনায় আঘাত হানে এমন বই প্রকাশকে ‘মুক্তচিন্তার প্রকাশ’ বলতে মানতে নারাজ পাঠক সারোয়ার আলম।

অন্যন্যার স্টলে বসে বইয়ে অটোগ্রাফ দিচ্ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। মেলা নিয়ে খুবই ‘আশাবাদী’ তিনি।

“আমার কাছে ব্যাপারটা বিস্ময়কর মনে হচ্ছে। মেলার তৃতীয় দিনেই এত মানুষের সমাগম ভাবাই যায় না। গতবারও মেলা ভালো হয়েছে। এবার মেলা তার চেয়েও ভালো হবে বলে আমার বিশ্বাস।”

সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বললেন, “আমি মনে করি, প্রথম শুক্রবারে মেলা শুরু হয়। এবারও তাই। প্রচুর মানুষ আসছে। তারা শুধু বই দেখছেন না, কিনছেনও। আজকের এ ভিড় প্রমাণ করে, এবারের মেলাটা বেশ জমাট হবে।”

একই কথা বললেন চারুলিপি প্রকাশনীর হুমায়ূন কবীর।

“বইমেলা এখন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। শুক্রবার প্রচুর পাঠকের সমাগম ঘটেছে। তাদের প্রত্যেকেই হয়তো বই কেনেনি, কিন্তু তাদের এ আগমন আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক।”

নতুন বই

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের তথ্যানুযায়ী, শুক্রবার মেলায় নতুন ১৩০টি বই এসেছে। এর মধ্যে গল্প ১৩, উপন্যাস ২৮, প্রবন্ধ ৩, কবিতা ৪১, গবেষণা ৪, ছড়া ৭, শিশুসাহিত্য ৪, জীবনী ৪, মুক্তিযুদ্ধ ৭, নাটক ১, বিজ্ঞান ২, ভ্রমণ ১, ইতিহাস ৩, রম্য/ধাঁধা ১, বৈজ্ঞানিক কল্পকাহিনি ১ এবং অন্যান্য বিষয়র উপর বই এসেছে ১০টি।

এর মধ্যে সময় প্রকাশন এনেছে সুমন্ত আসলামের ‘হাফ সার্কেল’, আনিসুল হকের ‘একলক্ষ লাইক’, অনিন্দ্য প্রকাশ এনেছে মোশতাক আহমেদের ‘সেরা পাঁচ উপন্যাস’, স্বকৃত নোমানের ‘শেষ জাহাজের আদমেরা’, পাঞ্জেরি পাবলিকেশন্স এনেছে ইমদাদুল হক মিলনের ‘বাঘের লেজ দিয়ে কান চুলকানো’, অন্যপ্রকাশ এনেছে মোহিত কামালের ‘বিষাদ নদী’, মোশতাক আহমেদের ‘শিকার’।

শিশুরাজ্য প্রকাশনা এনেছে আহসান হাবীবের ‘কমিকস ভয়ঙ্কর পোকা’, মিজান পাবলিশার্স এনেছে দীপঙ্কর দীপকের ‘একদামের কবিতা’, আফসার ব্রাদার্স এনেছে মুহম্মদ জাফর ইকবালের ‘তারুণ্যের এপিঠ ওপিঠ’, অনন্যা প্রকাশ এনেছে মহাদেব সাহার ‘মাটির সম্ভার’, আনিসুল হকের ‘গুড্ডু বুড়ার হাসি সমগ্র’।

এছাড়া কাকলী প্রকাশনী এনেছে হুমায়ূন আহমেদের ‘শ্রেষ্ঠ মিসির আলী’, সুমন্ত আসলামের ‘জোৎস্না নিমন্ত্রণ’, ঐতিহ্য এনেছে কামাল পাশার ‘দিগন্তের হাতছানি’, অনু হোসেন ও সরকার আমিনের ‘জ্যোতির্ময়’, ভাষাচিত্র এনেছে আবু হাসান শাহরিয়ারের ‘শ্রেষ্ঠ কবিতা, অনন্য থেকে মোস্তফা কামালের ‘প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে’ ও ‘কিছু হাসি কিছু রম্য’।