জুতার ভেতর আধাকেজি সোনা
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে কৌশলে লুকানো চারটি সোনার বিস্কুট উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।
আওলাদ হোসেন নামের ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছান। তার বাড়ি চট্টগ্রামে।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এস এম আহসানুল কবির জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল আওলাদকে থামায় এবং তল্লাশি করে জুতার ভেতরে সোনার বিস্কুটগুলো পায়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪৬৪ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানান আহসানুল কবির।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
