ভুয়া বিয়ে সাজিয়ে প্রতারণা, ৫ বছর জেল
ভুয়া বিয়ে সাজিয়ে প্রতারণার মাধ্যমে এক তরুণীর সঙ্গে বসবাসের ঘটনায় নয় বছর আগের এক মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওবায়দুর রহমান স্বপন শরীয়তপুরের গোসাইরহাট থানার বকাউলপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার পর বেসরকারি একটি প্রতিষ্ঠানের এই কর্মীকে কারাগারে পাঠানো হয়।
সশ্রম কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল জানান।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালে স্বপনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ‘প্রতারণার ফাঁদ পাতেন’ স্বপন।
এক পর্যায়ে ওই তরুণীকে দিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে তাদের বিয়ে হয়েছে বলে পরিচিতজনদের জানায় স্বপন। প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে সাভারের একটি বাসায় স্ত্রী হিসাবে স্বপনের সঙ্গে থাকতে শুরু করেন ওই তরুণী। পরে সন্তান সম্ভবা হলে চিকিৎসক দিয়ে তার গর্ভপাত করানো হয়।
তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন আশুলিয়া থানার এসআই মাকসুদা খাতুন। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষ্য দেন।
