আরইবি ও ফায়ার সার্ভিসের ডিজিরা নতুন চুক্তিতে
প্রেষণে কর্মরত দুই সেনা কর্মকর্তার চাকরির মেয়াদ শেষে চুক্তিতে তাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ দিয়েছে সরকার।
আরইবি’র চেয়ারম্যান পদে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মঈন উদ্দিন; যিনি ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে প্রেষণে ওই পদে প্রেষণে কর্মরত থেকে সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
মঈন উদ্দিনের পিআরএল বাতিল করে চুক্তিতে আরইবি চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেব প্রেষণে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের পিআরএল বাতিল করে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
আগামী ২৪ মার্চ বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন তিনি।
দুই সেনা কর্মকর্তার চুত্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।
