বাংলাদেশে ভোটার এখন ১০ কোটি ৩০ লাখ
বাংলাদেশে ভোটার এখন ১০ কোটি ৩০ লাখ, এই সংখ্যা প্রায় ১৬ কোটি জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ।
বুধবার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ সংখ্যা দাঁড়িয়েছে।
তিনি বলেন, ২০১৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে তাদের হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার এ ভোটার তালিকা হালনাগাদের এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসি সচিব জানান, বছরের শুরুতে দেশের ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন। এখন সব মিলিয়ে ১০ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৯ জন ভোটার হয়েছে।
“ভোটার হওয়া একটি চলমান প্রক্রিয়া। ভোটারযোগ্য ব্যক্তিদের যে কোনো সময় ভোটার করা হচ্ছে, স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে উপযুক্ত দলিলাদি দিয়ে ভোটার হতে পারবেন তারা,” বলেন তিনি।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ৭ লাখ ১৫ হাজার ৪০৮ এবং নারী ৫ লাখ ১ হাজার ৫৬১ জন। মোট ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন।
হালনাগাদের আগে দেশের ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এরমধ্যে পুরুষ ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন এবং নারী ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন।
