অনলাইনে মধ্যপ্রাচ্যে নারী নির্যাতনের ‘পুরনো ভিডিও’
সরকারকে বিব্রত করতে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যপ্রাচ্যে নারী নির্যাতনের পুরনো ভিডিও আপলোড করা হয় বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন সময়ে কিছু লোক বেনামে আট–দশ বছর আগের বিদেশে বাংলাদেশি নারীকর্মী নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে।
“সরকারকে বিব্রত করার জন্য এটা করা হয়।”
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নারী কর্মীদের সুরক্ষার জন্য বহুবিধ পদক্ষেপ বাস্তবায়িত হওয়ায় তাদের সুরক্ষা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”
প্রশ্নোত্তরে নুরুল ইসলাম বিএসসি বলেন, “বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ৭৪ হাজার ৭৫ জন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৭২৯ জন নারী গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি আরবে গিয়েছেন এক লাখ ২১ হাজার ৩৭৫ জন।”
জিটুজি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য দেশটি থেকে চাহিদাপত্র পাওয়া শুরু হয়েছে। সেদেশ কর্মী পাঠানোর বিষয়টি এখন ‘চূড়ান্ত’ পর্যায়ে আছে।
মন্ত্রী জানান, গত অর্থবছরে বিদেশ থেকে ১৪ হাজার ৯৩১ মিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে। তার আগের বছর রেমিটেন্স এসেছিল ১৫ হাজার ৩১৬ মিলিয়ন ডলার।
বিদেশ ফেরত কর্মীদের ডেটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম জেলার কর্মীদের ডেটাবেজ তৈরি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে দেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশই আসছে তৈরি পোশাক থেকে। এই ধারা অব্যাহত রাখতে সরকারিভাবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি ও রাশিয়াসহ আরও কিছু দেশে বাজার সৃষ্টির জন্য বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।
বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আছে বলে জানান তিনি।
প্রশ্নোত্তরে তোফায়েল আহমেদ বলেন, গত অর্থবছরে ৩৪ হাজার ২৫৭ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে।
১৯টি দেশে খাদ্যশস্য রপ্তানি করে ২১ কোটি ১৪ লাখ ৭ হাজার ডলার আয় হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ হাজার ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে।
প্রশ্নোত্তরের আগে সন্ধ্যা সোয়া ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
