যাত্রাবাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে অভিযান, আটক ৪
ঢাকার যাত্রাবাড়ির দনিয়ায় এক ‘জঙ্গি আস্তানা’ থেকে ‘জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ’ চারজনকে আটকের খবর দিয়েছে র্যাব।
এই বাহিনীর মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হোসেন রইসুল আজম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দনিয়ার কবিরাজবাগ এলাকার ওই বাসা ঘিরে ফেলে র্যাব। পরে ভোরের দিকে সেখানে অভিযান চালানো হয়।
টিভি থেকে নেওয়া ছবি
টিভি থেকে নেওয়া ছবি
র্যাব কর্মকর্তা রইসুল আজম মনি বলছেন, এরা সবাই জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে আশফাক-ই-আজম ওই দলের ‘আইটি এক্সপার্ট। জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইট পরিচালনা ও ‘টেকনিক্যাল সাপোর্ট’ দেওয়ার দায়িত্ব ছিল তার ওপর।
ওই বাসা থেকে অস্ত্র গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান।
এর মধ্যে দুটি নাইন এমএম পিস্তল, ২১ রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি ছুরি, গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ রয়েছে।
টিভি থেকে নেওয়া ছবি
টিভি থেকে নেওয়া ছবি
তিনি জানান, কবিরাজবাগের পাঁচ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে জঙ্গিরা সেখানে আস্তানা গড়ে তুলেছিল। নির্মাণ শ্রমিক পরিচয় দিয়ে গত ২৩ জানুয়ারি তারা ওই বাসা ভাড়া নেয়।
“বাড়ির মালিক একজন নারী। বাসা ভাড়া নেওয়ার সময় তাকে তারা বলেছে, আগে গুলশানের একটি নির্মাণ সাইটে কাজ করত তারা। ওই কাজ শেষ হয়ে যাওয়ায় যাত্রাবাড়ীতে আরেকটি সাইটে কাজ নিয়েছে। সেজন্যই এখানে বাসা ভাড়া করছে। বাড়িওয়ালী ভোটার আইডি আর ছবি চাওয়ায় বলেছিল, ১ তারিখ সব দিয়ে দেবে।”
টিভি থেকে নেওয়া ছবি
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, “তাদের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেলে তাদের সেই পরিকল্পনা আমরা জানার চেষ্টা করব।”
