কাজী রকিবের বিদায় অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি
মেয়াদপূর্তির শেষ দিন ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিদায় সংবর্ধনা দেবে ইসি সচিবালয়।
বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে পাঁচ সদস্যের এ কমিশন।
মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৮ ফেব্রুয়ারি বিদায় অনুষ্ঠানের আয়োজন করছি। এলক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এ বিদায় সংবর্ধনায় সিইসি ও অন্যরা নিজেদের অনুভূতি তুলে ধরবেন।
অতিরিক্ত সচিব মোখলেসুর জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত হয়েছে। ৭ ফেব্রুয়ারি ৫ সদস্যের ইসি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাত দেবেন।
৫ অথবা ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সাক্ষাতসূচি পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
ফেব্রুয়ারির প্রথমার্ধে বর্তমান কমিশন বিদায় নেবে। এরমধ্যে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং আরেকজন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদ পূর্ণ করবেন।
প্রথমবারের মতো দলগুলোর সঙ্গে সংলাপ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে ২০১২ সালে বর্তমান ইসির নিয়োগ দেন।
