হকারদের বিক্ষোভ অব্যাহত
উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হকাররা।প্রতিদিনের মতো মিছিল ও সমাবেশ করেছেন তারা।
বিক্ষোভের ২০তম দিনে মঙ্গলবার সকালে হকার্স ইউনিয়নের আহ্বানে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন হকাররা।
সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড় থেকে গোলাপশাহ মাজার, গুলিস্তান, বায়তুল মোকাররম ও জিরো পয়েন্ট হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াৎ বলেন, “উচ্ছেদের নামে প্রতিদিন সাঈদ খোকনের সিটি করপোরেশনের বাহিনী ফুটপাতে ব্যাপক ভাংচুর, মালামাল নষ্ট ও লুটপাট চালাচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।”
সংগঠনের আহ্বায়ক আব্দুল হাশেম কবির সমাবেশে বলেন, “মামলা করে, হামলা করে হকারদের রাজপথ থেকে সরাতে পারবে না। বিগত দিনে মেয়র আব্বাস পারেননি, সেনা শাসক পারেননি, সাঈদ খোকন আপনিও পারবেন না।”
বুধবার সকাল সাড়ে ১১টায়ও পুরানা পল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।
