বিমানবন্দরে ধারাল বস্তু বহন নিষিদ্ধের ঘোষণা
বিমানবন্দরের ভেতরে যাত্রীরা লাগেজে কোনো ধরনের ধারাল বস্তু বহন করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি-ক্যাব।
মঙ্গলবার এই নির্দেশনার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে জানানো হয়।
ক্যাবের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, নিরাপত্তার কারণে সিভিল এভিয়েশন অথরিটি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ৬ নভেম্বর সন্ধ্যার পর শিহাব নামের এক ‘মাদকাসক্ত’ যুবক বিমানবন্দরের বহির্গমন পথ দিয়ে ঢোকার সময় বাধা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে এক আনসার সদস্য নিহত এবং তিনজন আহত হন।
আহত অবস্থায় গ্রেপ্তার হামলাকারী শিহাবকে চিকিৎসা দেওয়ার পর তার বিরুদ্ধে হত্যা মামলা করেন বিমানবন্দর আনসারের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম।
এরপর শিহাবকে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে দুই দফায় নয় দিন জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
পরে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাহবুবুল আলম তাকে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের কাছে নিয়ে যান।
খাসকামরায় শিহাবের জবানবন্দি নিয়ে হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
