২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তকে ভুল অমার্জনীয় অপরাধ: সংস্কৃতিমন্ত্রী

পাঠ্যবইয়ে ভুল ও ‘সাম্প্রদায়িকীকরণ’ এর প্রতিবাদে সংস্কৃতি কর্মীসহ নাগরিক সমাজের সদস্যদের প্রতিবাদের মধ্যে এবার এ ধরনের ভুলকে অমার্জনীয় অপরাধ হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 11:21 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

সোমবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেছেন, “পাঠ্যপুস্তকে ভুল এবং সংযোজন বিয়োজন অমার্জনীয় অপরাধ।”

সমাজে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক অপশক্তি ‘অত্যন্ত সুকৌশলে এসব অপকর্ম করছে’ বলে মন্তব্য করেন নূর।

তিনি বলেন, “এরা অর্থনীতি সমাজনীতি রাজনীতিসহ নীতি নির্ধারণী বিষয়গুলোর রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। এদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

রাজধানীর গেন্ডারিয়ায় দীনানাথ সেন রোডের সীমান্ত গ্রন্থাগারের ৬৫ বছর এবং সীমান্ত খেলাঘর আসরের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ‘নব আনন্দে জাগো’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

শিশু-কিশোরদের মধ্যে পাঠাভ্যাস আশানুরূপভাবে গড়ে না উঠায় হতাশা প্রকাশ করেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, “শিল্প সংস্কৃতির চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধি ছাড়া মানবিক সমাজ গড়ে উঠবে না। কিন্তু আমাদের শিশুরা শুধু বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকে। তাদের জীবনে ফুল পাখি নদী আকাশ শিল্প সংস্কৃতি নেই।”

পড়ালেখার পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে তিনি অভিভাবক ও শিক্ষকসহ সবাইকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

শুরুতেই সংস্কৃতিমন্ত্রী সীমান্ত গ্রন্থাগারে সংস্কার করা দুটি স্থাপনার ফলক উন্মোচন করেন।

সীমান্ত গ্রন্থাগারের সভাপতি মোরশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হায়াৎ মামুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, দৈনিক সমকালের সম্পাদক ও সীমান্ত খেলাঘরের সাবেক সভাপতি গোলাম সারওয়ার।