২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত‌্যা: সাক্ষ‌্য দিলেন রিকশা মেরামতকারী

ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত‌্যা মামলায় সাক্ষ‌্য দিয়েছেন ঘটনাস্থলের পাশে রিকশা মেরামতকারী জয়নাল আবেদীন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 09:11 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি সাক্ষ‌্য দেন।

এ নিয়ে আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ছয়জনের সাক্ষ্য নেওয়া হলো বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানিয়েছেন।

তাপস পাল বলেন, “ঘটনার দিন এ রিকশা মেকানিক ঘটনাস্থল ৯০ নম্বর সড়কে কর্মরত ছিলেন।

“তিনি ঘটনার আগে একজনকে মোটরসাইকেলে তার দোকানের পাশে অপেক্ষা করতে দেখেন। কিছুক্ষণ পরে আরও একজনকে নিয়ে মোটর সাইকেলটি চলে যায়। পরে তিনি শুনতে পান একজন বিদেশিকে গুলি করা হয়েছে। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

জয়নাল কানে কম শোনেন, তাই গুলির শব্দ তিনি ভালোমতো আন্দাজ করতে পারেননি বলে জানান তাপস পাল।

পরে জয়নালকে জেরা করা হয় আসামিপক্ষের আইনজীবী।

বিচারক আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যের জন্য দিন রাখেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক তাভেল্লা।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী গত বছরের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন একই বিচারক।

মামলার অন‌্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারী সোহেল।

এদের মধ‌্যে তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক।