২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেট কলেজ বিল পাস

পাকিস্তান আমলে প্রণীত ক্যাডেট কলেজ অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 08:07 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

সোমবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সংসদে ‘ক্যাডেট কলেজ বিল-২০১৭’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়।

গত বছরের ৫ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করে আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৬৪ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিলটি পাস করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “ক্যাডেট কল্জে অর্ডিন্যান্স-১৯৬৪ ‘র মুখবন্ধে ‘ইস্ট পাকিস্তান’ এবং ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ ইত্যাদির উল্লেখ এখনও রয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও স্বাধীন সত্ত্বার সাথে অসংগতিপূর্ণ।”

বিলে ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদ ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর গঠন কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

পাস হওয়া বিলে বলা হয়েছে, ক্যাডেট কলেজগুলোর একটি কেন্দ্রীয় পরিষদ থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে এর চেয়ারম্যান হবেন।

পরিচালনা পরিষদের সভাপতি হবেন সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল।