আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুরান ঢাকার গেণ্ডারিয়ার একটি বাসায় তিন দিন ধরে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
২০ বছরের ওই তরুণীকে সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পুলিশ আনার পর ঘটনাটি জানা যায়।
যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, তারা ওই তরুণীরই আত্মীয় বলে জানিয়েছেন গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, তারা তার আত্মীয়। সে ঘটনাস্থল নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে।
“বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওই পোশাককর্মীর স্বামীকে উদ্ধৃত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬ জানুয়ারি ওই তরুণী ডেমরার বাসা থেকে গেণ্ডারিয়ার মুন্সিরটেকে খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন।
“ওই দিন বিকালে তার চাচাত ভাই ফোন করে তাকে কাপ্তানবাজারে ডেকে নেয়। সেখান থেকে পাশে এক ভবনের ৫ তলায় নিয়ে আটকে রাখে এবং সেখানে থাকা দুজন তাকে ধর্ষণ করে।”
সোমবার ওই তরুণী ‘কৌশলে বেরিয়ে’ গেণ্ডারিয়া থানায় গিয়ে অভিযোগ করেন।
ওসি মিজান বলেন, “সে কখনও পল্টন, কখনও গুলিস্তান, কখনও কাপ্তান বাজার এলাকায় ধর্ষণ হয়েছে বলে জানাচ্ছে। তারপরেও অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
