২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর: ভারতের দুই পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে সায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ‘কারিগরি ও বুদ্ধিবৃত্তিক সেবা’ নিতে ভারতের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 07:13 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ওই দুই প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরের জন্য দুটি চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ভারতের সর্ববৃহৎ পরমাণু বিদ‌্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুর কুদানকুলামে রাশিয়ার সহায়তায় হয়েছে, তার আদলেই বাংলাদেশেরটি হচ্ছে।

“অনুরূপ একটি পাওয়ার প্ল্যান্ট পাবনার রূপপুরে হতে যাচ্ছে, এখানে কারিগরি এবং বুদ্ধিবৃত্তিক পরামর্শ নেওয়ার জন্য ভারতের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য খসড়ার অনুমোদন দিয়েছে সরকার।”

ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের সঙ্গে বাংলাদেশের আনবিক শক্তি কমিশনের মধ্যে একটি চুক্তি হবে।

ভারতের দি অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে হবে সহযোগিতার আরেকটি চুক্তি।

এক লাখ ১৩ হাজার কোটি টাকায় পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে গত ৬ ডিসেম্বর চূড়ান্ত অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব‌্যয়ের এই প্রকল্পে দুটি ইউনিটের মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল পর্বের কাজ বাস্তবায়নে প্রকল্প সহায়তা হিসেবে রাশিয়া ৪ শতাংশ হারে সুদে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। ১০ বছরের রেয়াতকালসহ ২০ বছর মেয়াদে এ ঋণ পরিশোধ করতে হবে। সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে বাকি ২২ হাজার কোটি টাকা।

আইন ভঙ্গ করে জাহাজ ভাঙলে জেল-জরিমানা

জাহাজ ভাঙার কাজে নিয়ম না মানলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম অঞ্চলে জাহাজ ভাঙার শিল্প রয়েছে, এটিকে আইনের আওতায় আনা হচ্ছে। জাহাজ ভাঙার জন্য আলাদা জোন ঘোষণা করা হবে। সরকারের অনুমতি নিয়ে ওই জোনো ইয়ার্ড স্থাপন করতে হবে। এই ইয়ার্ডের মধ্যেই জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করতে হবে।”

নতুন আইন পাস হলে জাহাজ ভাঙায় আন্তর্জাতিক মান রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও কনভেনশন প্রতিপালন করতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, জাহাজ ভাঙার কার্যক্রম দেখাশোনা করতে আইনে একটি বোর্ডের প্রস্তাব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় মনোনীত একজন অতিরিক্ত সচিব এই বোর্ডের চেয়ারম্যান হবেন।

এছাড়া এই বোর্ডে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন সরকারের নিয়োগকৃত একজন মহাপরিচালক, যিনি হবেন বোর্ডের প্রধান নির্বাহী।

শফিউল আলম জানান, অনুমতি ছাড়া ইয়ার্ড স্থাপন করলে অনধিক দুই বছরের কারাদণ্ড, ১০ থেকে থেকে ৩০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

“অনাপত্তি সনদ ছাড়া জাহাজ আমদানি এবং ছাড়পত্র ছাড়া জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত (ভাঙা) করলে দুই বছরের কারাদণ্ড বা ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হবে।”

নির্দিষ্ট জোনের বাইরে ইয়ার্ড পরিচালনা করলে দুই বছরের কারাদণ্ড বা ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, জাল সনদ দিয়ে কোনো সুবিধা নিলে কমপক্ষে ৫ লাখ ও সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা করা হবে।