পদ্মায় রেল: ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সিএসসির সঙ্গে ডরপ
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) এর সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি সংস্থা ডরপ।
সোমবার সকালে ঢাকা সেনানিবাসে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে বলে ডরপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তিতে সেনাবাহিনীর সিএসসির পক্ষে ভূমি অধিগ্রহণ ইনচার্জ কর্নেল নূর-ই-আলম মো. যোবায়ের সারোয়ার এবং ডরপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী ‘ডরপ’ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক অবস্থা জরিপসহ, জেলা প্রশাসনের দেওয়া নগদ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দুস্থ ও দরিদ্রদের জীবিকায়ন পুনঃস্থাপন প্রশিক্ষণ সহায়তা দেবে।
ঢাকা হতে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপে প্রকল্পে ৮২ দশমিক ৩৫ কিলোমিটার রেলপথে ৩ হাজার ৫৪৮টি পরিবার রয়েছে। প্রকল্পটিতে ৩৫৮ দশমিক ৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মুকিম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, ডরপর চেয়ারম্যান আজহার আলী তালুকদার, পরিচালক সুলতান মাহমুদ, হায়দার আলী খান ও মোহাম্মদ যোবায়ের হাসান এবং প্রকল্পের টিমলিডার আফতাব উল আলম উপস্থিত ছিলেন।
