২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে প্রগতিশীল জোটের ধর্মঘটের সমাবেশে বাধা

হরতালে পুলিশি হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘটে সমাবেশ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে বাধা পেয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:11 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

রামপাল বিদ‌্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গত ২৬ জানুয়ারি তেল-গ‌্যাস রক্ষা কমিটির হরতালে বাম ছাত্র সংগঠনগুলোর এই মোর্চারও সমর্থন ছিল।

হরতালে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা শাহবাগে পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছিল। তার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘট ডেকেছিল তারা।

সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সমাবেশ করতে গিয়ে একদল ছাত্রের বাধা যায় ধর্মঘট আহ্বানকারীরা।

বাধা দেওয়া ছাত্ররা নিজেদের ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করলেও জোটের অন‌্যতম সংগঠন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ‌্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির দায়ী করছেন সরকার সমর্থক ছাত্রলীগকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সামাজিক বিজ্ঞান ভবনের সামনে ধর্মঘটী নেতা-কর্মীরা মাইক দিয়ে সমাবেশ করে। এতে গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়ায় ব্যাঘাত ঘটছিল। গ্রন্থাগার থেকে বেরিয়ে একদল শিক্ষার্থী গিয়ে মাইক বন্ধ করতে বলে। তখন দুই পক্ষের ধাক্কাধাক্কি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলন করুণ, তাতে কোনো সমস্যা নেই, তবে অন্যদের পড়াশুনার ক্ষতি করে তা করা তো ঠিক নয়।”

বাধার বিষয়ে ছাত্র ফেডারেশন নেত্রী উম্মে হাবিবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক বিজ্ঞান ভবনের সমাবেশে বাধা দিয়েছে।”

এই অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক বিজ্ঞান ভবনের সামনে বাধার পর মিছিল নিয়ে কলাভবনের সামনে গিয়ে সমাবেশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেক মনিকা, ফ্রন্টের অন্য অংশের সভাপতি ইমরান হাবিব রুমন ও ছাত্র ফেডারেশনের নেতা আশরাফুল সোহেল বক্তব‌্য রাখেন।

এর আগে সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের মূল ফটকে তালা দিয়ে রাখে জোটের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা তালা মূল গেইটে দিয়েছিল। কিন্তু কয়েকটি বিভাগের পরীক্ষা থাকায় তাদের ঢুকতে দিতে বলেছিলাম।”