ঢাকায় বৃদ্ধা ভিক্ষুককে জবাই করে হত্যা
রাজধানীর দারুস সালাম এলাকায় ৭২ বছর বয়সী এক নারী ভিক্ষুককে গলা কেটে হত্যা করা হয়েছে।
নূরজাহান নামে ওই বৃদ্ধার লাশ রোববার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করে। সোমবার বিকার পর্যন্ত খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করা যায়নি।
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সিটি কলোনির বস্তিঘর থেকে নূরজাহানের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে জানান দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূরজাহান ‘ফেতা পাগলি’ নামে স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।
থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়রা বলছেন, এই ভিক্ষুকের সারাজীবনের জমানো টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে।”
তবে তদন্তে এই বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
