২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ান উইরনাতা আতমাদজা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 10:17 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

রাষ্ট্রদূত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, “বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যােস) সরবরাহে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত তার দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেছেন।”

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আতমাদজার প্রচেষ্টার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথাও এসময় শেখ হাসিনা তুলে ধরেন রাষ্ট্রদূতের কাছে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখানে বিশাল বাজারের সৃষ্টি হয়েছে।”

বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়াসহ আশেপাশের দেশগুলো থেকে কয়লা আমদানির কথাও বলেন বলে প্রেস সচিব জানান।

পটুয়াখালীর পায়রা বন্দরে শিপইয়ার্ড স্থাপনের সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসাবে উল্লেখ করেন ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত। বাংলাদেশের পণ্যের গুণগত মানের প্রশংসাও করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আতমদজা বলেন, তার নেতৃত্বের কারণেই বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত তার মেয়াদকালে বাংলাদেশ সরকারের সহায়তার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।