কোটালীপাড়ার বোমা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার বিস্ফোরক আইনের মামলায় আগামী ১৯ ফেব্রুয়ারি মুফতি আব্দুল হান্নানসহ অন্য আসামিদের বলতে হবে, তারা দোষী না নিদোর্ষ।
১৭ বছর আগের আলোচিত এ মামলায় সাক্ষ্যআগ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ধারিত ওই দিন তাদের বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য পড়ে শোনাবেন বিচারক।
এরপরই আসামিদের প্রশ্ন করা হবে, তারা দোষী, না নির্দোষ। নিজেদের পক্ষে কোনো সাফাই সাক্ষ্য দেবেন কি না তারা, তাও জানতে চাওয়া হবে। সাফাই সাক্ষ্য না দিলে বিচারক যুক্তিতর্কের জন্য দিন রাখবেন।
আলোচিত এ মামলার বিচার চলছে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে।
ওই আদালতের পেশকার কামাল হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
তিনি জানান, এদিন এ মামলার শেষ ও চূড়ান্ত তদন্ত কর্মকর্তা মুন্সী আতিকুর রহমানকে প্রধান আসামি মুফতি হান্নান নিজেই জেরা করেন আগের দিনের মতো।
হুজি নেতা মুফতি হান্নান তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন, “আমি তালেবান প্রশিক্ষণ নিয়েছি, এমন কোনো দালিলিক প্রমাণ আপনার কাছে কি আছে? “
উত্তরে মুন্সী আতিক বলেন, “সাক্ষীদের জবানবন্দিতে তা উঠে এসেছে।”
মুফতি হান্নান বলেন, “আমার বিরুদ্ধে হলফনামা পড়ে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন? আপনি প্রসিকিউশনের শেখানো মতে সাক্ষ্য দিয়েছেন?”
‘এটা সত্য নয়’ বলে উত্তর দেন তদন্ত কর্মকর্তা।
মুন্সী আতিক নিজেই ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার আসামি।
রোববার তাকে পলাতক আসামিদের পক্ষে জেরা করেন অ্যাডভোকেট লোকমান হোসেন হাওলাদার এবং অ্যাডভোকেট সাহাবুদ্দিন।
শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি দোকানের সামনে পুঁতে রাখা ৭৬ কেজি বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
এ মামলায় ২৫ আসামির মধ্যে মুফতি হান্নানসহ নয় আসামি কারাগারে এবং একজন জামিনে রয়েছেন। বাকি ১৫ জন পলাতক।
