২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের ‘প্রথম আলো’ পুরস্কার পেলেন কবি তারিক সুজাত

কলকাতা থেকে প্রকাশিত কবিতা বিষয়ক পাক্ষিক ‘প্রথম আলো’র পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কবি তারিক সুজাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 09:51 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

জাতীয় কবিতা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ জানুয়ারি  আন্তর্জাতিক কলকাতা বইমেলার মিলনমেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে তারিক সুজাতের হাতে এই পুরস্কারের অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, “বাংলা সাহিত্য ক্ষেত্রে শক্তিমান কাব্য প্রকরণে চমৎকৃত হয়ে বাংলাদেশের কবি তারিক সুজাতকে এই বছর ‘প্রথম আলো’ পুরস্কার প্রদান করা হচ্ছে। আপনার কলম কখনও কবিত্বের সুষমাময় সীমারেখা লংঘন করেনি। আপনার কলম দেশের সীমা ভেঙে পশ্চিমবঙ্গের বহু পাঠককে অনুরক্ত করেছে।”

তারিক সুজাত এর আগে কবিতার জন্য ২০০৬ সালে ভারতের ‘কৃত্তিবাস’ পুরস্কার পেয়েছিলেন।

তারিক সুজাত ছাড়াও পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় এ বছর ‘প্রথম আলো’ পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন টেকনো ইন্ডিয়া এবং আজকাল মিডিয়া গ্রুপের চেয়ারম্যান লেখক সত্যম রায়চৌধুরী, পাবলিশার্স গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং ‘প্রথম আলো’ সম্পাদক কবি বীথি চট্টোপাধ্যায়।

তারিক সুজাতের কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘প্রতিবিম্ব ভেঙে যাও’, ‘যাবো বলে থেমে থাকতে নেই’, ‘সময়কে আমি উল্টোপায়ে হেঁটে যেতে দেখেছি’, ‘আকাশপুরাণ’, ‘কবিতাসংগ্রহ’, ‘সবুজে ধুয়েছি পা’, ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন তারিক সুজাত।