২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী’ বইয়ের খোঁজে পুলিশ

বইমেলা সামনে রেখে আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমির সঙ্গে পুলিশ কর্তাদের বৈঠকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে’ এমন বইয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 08:18 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে রোববার কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ওই বৈঠকের পর বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের এ বিষয়ে জানান। 

তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে’ এমন কোনো বই বইমেলায় প্রকাশ হওয়ার খবর পেলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বই প্রকাশ কেউ করছে কি না সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

“কোনো বই ধর্মীয় উন্মাদনা তৈরি করছে খবর পেলে সেই বই জব্দ করা হবে। যারা বই প্রকাশ করবেন ও বিক্রি করবেন তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গতবছর বইমেলায় আসা ‘ইসলাম বিতর্ক’ নামের একটি বইয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার উপাদান রয়েছে দাবি করে বাংলা একাডেমির সায় নিয়ে বইটির প্রকাশনা সংস্থা ব-দ্বীপের স্টল বন্ধ করে দেয় পুলিশ।

পাশাপাশি ব-দ্বীপের মালিক ও বইটির সম্পাদক শামসুজ্জোহা মানিক, এক বিপণনকর্মী এবং বইটির ছাপাখানার মালিককে গ্রেপ্তার করা হয়।

মানিকের মুক্তি আন্দোলনে ভূমিকা রাখা রবিন আহসানের প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীকে এবার বইমেলায় নিষিদ্ধ করে বাংলা একাডেমি। পরে সমালোচনা-প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

রোববারের সভায় বইমেলার সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলা একাডেমির সচিব বলেন, “প্রতি বছরই বইমেলার নিরাপত্তা নিয়ে মহানগর পুলিশ কমিশনারের অফিসে বৈঠক হয়। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে কথা বলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারও সেটা নিয়ে আলোচনা হয়েছে।”

মেলার নিরাপত্তা নিয়ে এরইমধ্যে কাজ শুরু হওয়ার কথা পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়েছেন।

মহানগর পুলিশের রমনা বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বইমেলার নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সাজানো হবে তা নিয়ে বৈঠকে কথা হয়েছে।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হবে, নিরাপত্তা ব্যবস্থা কীভাবে জোরদার করা হবে, কোথায় কন্ট্রোল রুম বসবে, সিসি ক্যামেরা কোথায় কয়টা বসছে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে কী করা হবে, প্রত্যেক দোকান মালিক ও ব্যবসায়ীদের অগ্নি নিরাপত্তায় ফায়ার এক্সটিংগুইশার রাখার পরামর্শসহ বিভিন্ন বিষয়ে মহানগর পুলিশ কমিশনার নির্দেশনা দিয়েছেন।

রোববার দিনভর বইমেলা চত্বর ঘিরে বসানো সিসি ক্যামেরাগুলো মনিটর করা হয়। এবার প্রায় দুই শতাধিক সিসি ক্যামেরা দিয়ে বইমেলা ও আশপাশের এলাকায় নজরদারি হবে।