২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ মাহবুবের ১১ শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

নিজ সংসদীয় এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদারের দায়িত্ব পালনের ওপর হাই কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 07:24 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

দুই মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে তার দায়িত্ব পালন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

একই এলাকার কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের (শানু শিকদার) করা রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অমিত তালকুদার সাংবাদিকদের বলেন, “একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আপিল বিভাগের রায় রয়েছে। এ রায় অনুসরণ করা হচ্ছে না উল্লেখ করে রিট আবেদন করা হয়। আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।”

হাই কোর্ট গত বছর ১ জুন ব্যবস্থাপনা কমিটি গঠন বিষয়ে ২০০৯ সালের ‘মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা’-এর ৫ ও ৫০ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দেয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনার জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির নেতৃত্বাধীন বিশেষ কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করে এ রায় দিয়েছিল হাই কোর্ট।

রায়ে সংসদ সদস্যদের ইচ্ছামতো নিজ এলাকার বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (কলেজ ও স্কুল) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার বিধান বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়।

রায়ে বলা হয়, শিক্ষা বোর্ড ও সরকারের অনুমতিসাপেক্ষে অনির্বাচিত লোকদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ ব্যবস্থাপনা কমিটিও গঠন করা যাবে না। নির্বাচনের মাধ্যমে সভাপতি হতে হবে।

এ রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করলেও আপিল বিভাগ হাই কোর্টের রায়ই বহাল রাখে।

এ অবস্থায় আপিল বিভাগের এ রায়ের কথা উল্লেখ করে মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে রিট আবেদন করেন শানু শিকদার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে মাহবুবুর রহমান তালুকদার ১১টি প্রতিষ্ঠানের সভাপতি পদে বহাল  রয়েছেন।