পার্কে ‘যাবেন না’ হকাররা
ফুটপাত থেকে সরিয়ে পার্কে বসতে দেওয়ার যে পরিকল্পনা সিটি করপোরেশন করেছে, তা প্রত্যাখ্যান করেছেন হকাররা।
রাজধানীর গুলিস্তান ও মতিঝিল থেকে উচ্ছেদের প্রতিবাদে রোববার স্থানীয় সরকারমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই অবস্থান জানান হকার নেতারা।
উচ্ছেদ বন্ধ করে হকারদের পুনর্বাসনে নীতিমালা ও আইন প্রণয়নের দাবিতে হকার সমন্বয় পরিষদের ব্যানারে এই স্মারকলিপি দেওয়া হয়।
হকারদের ১৬টি সংগঠনের এই পরিষদের ৫ সদস্যের প্রতিনিধি দল দুপুরে সচিবালয়ে গিয়ে মন্ত্রীকে না পেয়ে তার ব্যক্তিগত সহকারীর কাছে স্মারকলিপি দিয়ে আসেন।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মতিঝিল ও গুলিস্তান থেকে হকারদের উচ্ছেদ করে। সন্ধ্যার পর শুধু ফুটপাতে হকারদের বসতে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ডিএসসিসি, এছাড়া পার্কে তাদের বসতে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
যানজটের জন্য হকারদের দায়ী করার প্রতিবাদ জানিয়ে তাদের নেতা খোরশেদ আলম প্রেস ক্লাবের সমাবেশে বলেন, “রাস্তায় যানজট লাগছে অতিরিক্ত প্রাইভেটকারের জন্য। পারলে আগে সেগুলো নিয়ন্ত্রণ করুন।
“পার্কে পুনর্বাসন করা হলে হকাররা তা মানবে না। মানুষের বিনোদনের জায়গায় আমরা যাবে না।”
প্রতিদিন দেড় ঘণ্টা সড়কে বসতে দেওয়ার চিন্তা ‘বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুনুর রশিদ।
“সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত দেড় ঘণ্টা বসতে দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। সারাদিনে দেড় ঘণ্টা বসলে হকাররা ব্যবসা করবে কীভাবে? সংসার চলবে কী করে?”
“উনি কার কথা শুনছেন জানি না। উনি মূলত ওনার প্রশাসনের লোকদের দিয়েই পরিচালিত হচ্ছেন।”
উচ্ছেদের বিরুদ্ধে সবগুলো হকার সংগঠন আন্দোলনে আছে এবং কোনো বিভাজন নেই বলেও দাবি করেন হোসাইন।
“হকার উচ্ছেদ কোনো সংগঠন সমর্থন করছে না। এরপরও মেয়র মহোদয় কীভাবে বলেন হকাররা উচ্ছেদের পক্ষে আছে? আমরা জানি না। আমরা স্মারকলিপি দেওয়ার মাধ্যমে বলতে চাই হকারদের মধ্যে কোনো বিভাজন নেই।”
পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
“আমাদের এক দাবি। পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না।”
গুলিস্তান এলাকায় আড়াই হাজার হকার আছে- ডিএসসিসির এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন আবুল হোসাইন।
“আপনারা দেখুন এখানে কতজন হকার আছে? তাহলে গুলিস্তান এলাকায় হকারের সংখ্যা আড়াই হাজার হয় কী করে?”
সমাবেশে জাতীয় হকার ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী জানান, হকার উচ্ছেদ বন্ধ না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
“আমরা সবিনয়ে দাবি জানাচ্ছি পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ করবেন না। আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি না মানলে মানতে বাধ্য করা হবে।”
