২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানা পর্যন্ত ঢাকা ছাড়বেন না গ্রাম পুলিশরা

জাতীয় বেতন স্কেলসহ গ্রাম পুলিশের ছয় দফা দাবি না মানা পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন গ্রাম পুলিশের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 04:21 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে দাবি আদায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সমাবেশ ও অবস্থান ধর্মঘটে এ ঘোষণা আসে।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের একটি দল স্মারকলিপি দিতে যায় অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।

সমাবেশে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বেতনস্কেলসহ মানসম্মত বেতন, সামাজিক মর্যাদা, ভবিষ্যত নিরাপত্তা ও অবসরকালীন ভাতা প্রদানের দাবি জানিয়ে বলেন, “সারাদেশে চার হাজার ৫৪৮টি ইউনিয়নে গ্রামপুলিশ কর্মরত আছে। তাদের বেতনের অর্ধেক আসে সরকারি অংশ থেকে আর অর্ধেক আসে ইউনিয়ন পরিষদ থেকে।

“গ্রামীণ ট্যাক্স কালেকশন, জন্ম-মৃত্যুর তালিকা প্রণয়ন, ভিজিডি-ভিজিএফ বন্টন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা, রেল লাইন পাহারা দেওয়াসহ ৭০ ধরনের কাজ গ্রামপুলিশ করে থাকলেও তারা আজ অবহেলিত। আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। আমাদের যৌক্তিক দাবি মেনে না নিলে আমরা ঢাকা ছাড়ব না”

সংগঠনটির সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

কর্মসূচিতে একাত্মততা ঘোষণা করে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার।

তিনি বলেন, “আগামী দুই একদিনের মধ্যে আপনাদের কথা সংসদে আমি ৭১ বিধিতে বলব। আপনাদের কথা অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জানেন কিন্তু প্রধানমন্ত্রী জানেন না এটা আমি বিশ্বাস করতে পারি না।

“তাহলে আমাদের মন্ত্রীরা কি তাকে বলে নাই? মন্ত্রীরা কি কেবিনেটে কথা বলে না? যদি আপনাদের কথা না বলে থাকে, তবে সেটা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা।”

গ্রামপুলিশকে গণতন্ত্রের রক্ষাকারী হিসেবে অভিহিত করে তিনি বলেন, “আজকে সেনাবাহিনী, বিজিবি, বিডিআর, পুলিশ সবাই মিলে দেশকে  রক্ষা করছে, জঙ্গি প্রতিরোধ করছে। আমার গ্রাম পুলিশরাও তা করছে। যদি তাই হয় তাহলে গ্রাম পুলিশের বেতন কেন বাড়বে না? তাদের বেতন বাড়াতে হবে, ভাতা বাড়াতে হবে, তাদের ঝুঁকি ভাতা দিতে হবে এবং অবসর ভাতাও দিতে হবে।”

৬ দফা দাবির বিষয়ে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রধান দাবি নূন্যতম জাতীয় বেতন স্কেল। এছাড়াও অবসরকালীন ভাতা, ঝুঁকি ভাতা, রেশনিং ব্যবস্থা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও ঢাকার আশেপাশে প্রশিক্ষণ কেন্দ্রের দাবিতে আমরা ধর্মঘট পালন করছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাঈমুল হাসান জুয়েল, বাসদ শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেস অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) এর সভাপতি কবির চৌধুরী তন্ময়, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের প্রধান সমন্বয়ক শাহজাহান কবির জহির, উপদেষ্টা আলী নিয়ামত।