২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের মামলায় গ্রেপ্তার দুই শিশুর জামিন

খুনের মামলায় গ্রেপ্তার রাজধানীর কামরাঙ্গীর চরের দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 03:34 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

সেইসঙ্গে আট ও নয় বছর বয়সী শিশু দুটিকে নিরাপত্তা দিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ও কামরাঙ্গীর চর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী দুই শিশুকে রোববার আদালতে হাজির করার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে দুই শিশুর পক্ষে শুনানি করেন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আব্দুল হালিম পরে সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, বয়স নির্ধারণ না করে দুই শিশুকে গ্রেপ্তার শিশু আইনের লঙ্ঘন। নিরাপত্তার পাশাপাশি দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।”

গত বছরের ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেপ্তার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে এই রিট আবেদন করে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন।

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে পুলিশ অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। ১০ দিন পর লাশটি নিখোঁজ এক শিশুর দাবি করে তার পরিবার খুনের মামলা করে।

খুনি সন্দেহে সে সময় পুলিশ দুই শিশুকে গ্রেপ্তার করে। বিচারিক হাকিম জবানবন্দি নিয়ে তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান।

শিশু আইন ২০১৩-এর ৪৪/১ ধারা অনুযায়ী, নয় বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার কিংবা আটক করা যায় না। মামলার এজাহারে শিশু দুটির বয়স বলা হয়েছে ১২ বছর।

কিন্তু অভিভাবকরা বলছেন, তাদের বয়স নয় বছরের কম। এর পক্ষে আদালতে জন্মসনদ দাখিল করে এক শিশুর অব্যাহতি চাওয়া হয়েছে। ওই সনদে বলা হয়েছে ছেলেটির জন্ম তারিখ ২০০৮ সালের ২৯ জানুয়ারি।

এ নিয়ে আদালতে রিট আবেদন হলে প্রাথমিক শুরু করে আদালত গতবছর ২৯ নভেম্বর রুল জারি করে। দুই শিশুকে গ্রেপ্তার করা কেন শিশু আইনের ১৩, ১৪, ৪৪, ৪৫, ৪৭ ও ৫২ ধারার পরিপন্থি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

ওই দুই শিশুর পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চায় আদালত। পাশাপাশি দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কিনা- সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

আদালতের নির্দেশের পর পুলিশ ওই দুই শিশুর বয়স নির্ণয়ে ব্যবস্থা নেয়। গত ৪ জানুয়ারি লালবাগের ডিসি ও কামরাঙ্গীচরের ওসি আদালতে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ওপর শুনানি করে হাই কোর্ট গত ১৫ জানুয়ারি দুই শিশুকে আদালতে হাজির করার নির্দেশ দেয়।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১ মার্চ রেখেছে আদালত।